রাজধানীর রায়েরবাজার এলাকায় সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বোন সনজিদা হালদার জানান, তারা রায়েরবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। বিকেলের দিকে সবার অগোচরে সৌরভ কোনো এক ধরনের বিষাক্ত তরল পান করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক ধারণা অনুযায়ী প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে বলে তারা মনে করছেন। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে। তার বাবার নাম অমল হালদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।
এসআর