জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বুড়িগোয়ালিনী এলাকার খোলপেটুয়া নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়।
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্মমুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে”।
কর্মসূচিতে বক্তব্য দেন ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর আশিকুর রহমান, সাবেক কো-অর্ডিনেটর ইমাম হোসেন, সদস্য শামীম হোসেন, মুন্তাকিমুল ইসলাম রুহানি এবং উপকূলীয় সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত এগোতে হবে।
পাশাপাশি তারা একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানান।
এদিকে একই দিনে শ্যামনগরের বিভিন্ন স্থানে শরুব ইয়ুথ টিম ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিমও পৃথকভাবে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন করেছে।
এসআর