ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৪ মে) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনামুখী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এসআর