দেশের জ্বালানি চাহিদা পূরণে চীন ও ভারত থেকে আনা প্রায় ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পরিমাণ ডিজেল দিয়ে বর্তমান দৈনিক প্রায় ১২ হাজার ৫০০ টন চাহিদা হিসেবে আনুমানিক চার দিনের জ্বালানি প্রয়োজন মেটানো সম্ভব।
স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, শুক্রবার (১ মে) বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। এরপর শনিবার ভোরে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ প্রায় ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে এসে পৌঁছে।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর এলাকায় মোট সাতটি জ্বালানিবাহী জাহাজ রয়েছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং পদ্ধতিতে তেল খালাস করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজের মাধ্যমে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল দেশে আনা হয়েছে। মে মাসে ১ লাখ টন অপরিশোধিত তেলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
এসআর