দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে অপারেশনাল কার্যক্রমের নতুন এক মাইলফলক স্থাপিত হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার
হ্যান্ডলিংয়ের মাধ্যমে এই নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্ধারিত ২৪ ঘণ্টায় এনসিটি টার্মিনালে মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের একক) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়। এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউস হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্বের রেকর্ডটি হয়েছিল।
মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল চট্টগ্রাম বন্দর। এ ছাড়া একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা বন্দরের ক্রমবর্ধমান সক্ষমতারই বহিঃপ্রকাশ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই অর্জনকে দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতির গতি সঞ্চারে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই অগ্রগতি আগামী দিনে বন্দরের সেবার মান ও সক্ষমতা আরও বৃদ্ধিতে সহায়ক হবে।
এসআর