আন্তর্জাতিক শ্রমিক দিবসে দেশের অধিকাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকলেও কুড়িগ্রামে কিশোর-কিশোরী ক্লাবগুলোতে নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, নাগেশ্বরী পৌরসভার গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক স্থানে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ক্লাবের কার্যক্রম চলেছে।
একইভাবে সদর ও উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও সকাল-বিকেল সেশন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এসব ক্লাবের উদ্দেশ্য কিশোর-কিশোরীদের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতন করা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে জ্ঞান বৃদ্ধি করা।
এখানে সংগীত, আবৃত্তি ও জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি ক্লাবে সাধারণত তিনজন প্রশিক্ষক দায়িত্ব পালন করেন এবং সপ্তাহে নির্ধারিত দিনে ক্লাস নেন।
উলিপুরের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিক দিবসে ছুটি না পাওয়ায় তারা হতাশ।
তাদের ভাষায়, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হলেও আমাদের ক্ষেত্রে তা প্রতিফলিত হয়নি। অন্তত এই দিনে ক্লাব বন্ধ রাখা যেতে পারত।
একই ধরনের মত দিয়েছেন সদর উপজেলার এক শিক্ষকও। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে নির্দেশনা না থাকলেও স্থানীয় পর্যায় থেকে ছুটি ঘোষণা করা হলে তা ইতিবাচক হতো।
এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জয়ন্তী রানী বলেন, ক্লাব বন্ধ রাখার কোনো নির্দেশনা না থাকায় স্বাভাবিক নিয়মেই কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসআর