পিলখানা বিডিআর বিদ্রোহ-সংক্রান্ত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক থাকা আটজন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটি ইউনিট ও কারাগার পার্ট-২ থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এর মধ্যে একজন হাই সিকিউরিটি ইউনিট থেকে এবং বাকি সাতজন পার্ট-২ থেকে মুক্তি পান।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, একজন বন্দি তার কারাগার থেকে এবং অন্যরা পৃথক ইউনিট থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট বন্দিদের জামিননামা যাচাই-বাছাই শেষে এবং অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে স্বজনরা উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার হালিমা খাতুন জানান, সকালে একজন এবং পরে বিকেলে ছয়জনকে প্রয়োজনীয় যাচাই শেষে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে রায় ঘোষণা করা হয়, যেখানে দণ্ড, খালাসসহ বিভিন্ন সিদ্ধান্ত আসে।
এসআর