লালমনিরহাটে মাদকদ্রব্য সংক্রান্ত একটি মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন— আদিতমারী উপজেলার তালুক হরিদাস গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (২৩) এবং একই উপজেলার সরল খা গ্রামের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে ও সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির (৩৫)।
মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৬ মে লালমনিরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় তাদের বিরুদ্ধে ৩৪৪ বোতল ফেনসিডিল রাখার অভিযোগ আনা হয়। মামলাটি দীর্ঘ শুনানি শেষে আদালতে প্রমাণিত হলে বিচারক এ দণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উক্ত রায় প্রদান করেছেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
কোর্ট পরিদর্শক আমিরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআর