কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি শামীমা আফরোজ মার্লিজ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতা তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাসিকো উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জুয়া বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, ছিনতাই ও চুরি-ডাকাতি রোধ এবং কিশোর গ্যাং কার্যক্রম নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
পাশাপাশি আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু চুরি প্রতিরোধ, হাট-বাজারে তদারকি জোরদার, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ভূমিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসআর