কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি গার্মেন্টস কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকালে কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া সড়কসংলগ্ন একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে কারখানার বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে নিরাপত্তাকর্মী মো. সাজ্জাদ, বয়লার অপারেটর একরাম এবং ওয়েল্ডার রবিউল দগ্ধ হন।
দুর্ঘটনার পরপরই সহকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠান। বর্তমানে তারা বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। এ ঘটনায় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এসআর