চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন ছিল বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা।
বুধবার সকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির সূচনা হয়। এতে স্থানীয় সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশে পত্রিকাটির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। সঞ্চালনায় ছিলেন লেখক ও ছড়াকার শাহজাহান আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। প্রধান বক্তা ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল।
এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ রূপান্তর অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
তারা আরও উল্লেখ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটি ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে বলে আশা করা যায়।
আলোচনা সভা শেষে কেক কাটা এবং একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসআর