ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় দুইজন বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী এবং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
উপজেলা পরিষদের সামনে থেকে রফিকুল ইসলামকে এবং নাসিরনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে আজহারুল ইসলাম চৌধুরীকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় ১১৮ জনকে আসামি করা হয়।
নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান ওই মামলাটি করেন।
গ্রেফতার হওয়া দুই চেয়ারম্যান ওই মামলার এজাহারভুক্ত আসামি।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) শ্রী কৃষ্ণ দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
এসআর