ভারী ও অতিভারী বর্ষণের ফলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের চারটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার প্রকাশিত
তথ্য অনুযায়ী, নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই জেলার সোমেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার ও মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া মৌলভীবাজার জেলার মনু নদীর পানিও বর্তমানে প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্লাবনের ঝুঁকি আরও তীব্র হতে পারে। উল্লেখ্য যে, আজ সন্ধ্যার মধ্যে দেশের ২০টি জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এসআর