বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে দুই দফা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। জানা গেছে,
মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ভোরে প্রথম দফায় সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়, যা আধঘণ্টা পর চালু হয়েছিল।
কিন্তু আবহাওয়া আরও খারাপ হলে দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৭টা থেকে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। আকস্মিক এই অচলাবস্থার কারণে ঘাটের উভয় পাড়ে যানবাহন ও যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুইঁয়া জানান, নদী শান্ত হওয়ায় বর্তমানে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে এবং সিরিয়াল দ্রুত কমতে শুরু করেছে। একই সাথে আবহাওয়া অনুকূলে আসায় লঞ্চ চলাচলও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
এসআর