নেত্রকোনা-১ (কমলাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং কায়সার কামাল-এর সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ-এর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন তিনি এবং আন্তরিক কুশল বিনিময় করেন।
এ সময় তিনি জাতীয় সংসদ ভবন-এর স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
বিশ্বখ্যাত স্থপতি লুইস আই কান-এর নকশায় নির্মিত এই ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও নান্দনিক স্থাপনা বলে উল্লেখ করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, সংসদ গ্রন্থাগারে শতবর্ষ পুরোনো বই, ১৯৩৭ সালের নথি এবং পাকিস্তান আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত রয়েছে। গবেষণার জন্য দেশ-বিদেশের অনেক গবেষক এখানে আসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাদেরই নিতে হবে। এজন্য অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উন্নয়নে হোস্টেল নির্মাণ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন এবং প্রতিষ্ঠানটিকে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষকসংখ্যা বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান।
সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এজন্য ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তারা সংসদ ভবন, গ্রন্থাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং অধিবেশন কার্যক্রম প্রত্যক্ষ করার অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসআর