যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা। কিন্তু লিমনের সেই স্বপ্ন আর পূরণ হলো না। লিমনের অকাল মৃত্যুতে জামালপুরের মাদারগঞ্জ
উপজেলার লালডোবা এলাকায় তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নিহত লিমনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের বুকফাটা হাহাকার।
নিহতের জেঠি আকলিমা আক্তার জানান, দুই ভাইয়ের মধ্যে লিমন ছিলেন বড়। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী লিমনের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার বিয়ের কথাও ছিল, এমনকি পরিবার থেকে পাত্রী দেখাও শুরু হয়েছিল। কিন্তু তার আগেই লিমনের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের খবর আসে। লিমনের জেঠা জিয়াউর হক ও চাচা আল আমিন জানান, গত বুধবার লিমনের সঙ্গে তাদের শেষ কথা হয়েছিল। পরে বৃহস্পতিবার রাতে তারা লিমনের নৃশংস হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
জামিল আহমেদ লিমন মাদারগঞ্জের লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। তার শৈশব গাজীপুরের মাোনায় কাটলেও বর্তমানে তাদের পরিবার ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করেন। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে লিমন ও তার বান্ধবী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার স্থানীয় পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। বৃষ্টির পরিবারের পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।
এসআর