সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার (২৫
এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, খুলনা ও ফেনীসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
তবে রবিবার (২৬ এপ্রিল) থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। এদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে; যার ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে স্বস্তি ফিরতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে এবং সামগ্রিকভাবে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর