[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

উন্নয়ন কাজে আপস নয়, ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর হুঁশিয়ারি হুইপ অপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১:১০ এএম

সংগৃহীত ছবি

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মানের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন Mia Nuruddin Ahmed Apu, এমপি।

তিনি স্পষ্ট করে বলেন, কাজের মান নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রকল্পটি সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।


প্রধান অতিথির বক্তব্যে হুইপ অপু জানান, উন্নয়ন কাজের মান রক্ষায় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

কোনো ঠিকাদার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আপসের সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।


তিনি বলেন, শরীয়তপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। এর মধ্যে ছয়টি সড়ক নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এছাড়া গোসাইরহাট ও ভেদরগঞ্জ এলাকায় জয়ন্তী নদীর ওপর একাধিক সেতু নির্মাণ এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।


সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষিখাতে সহায়তা, সীমান্ত এলাকার জনগণের জন্য ভাতা এবং কৃষকদের প্রণোদনাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া সাহাবুদ্দিন বাচ্চু ও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

এসআর

সম্পর্কিত খবর