দুই দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, রাত ৮টা থেকে ইউনিটটি থেকে আনুমানিক ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এই ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়।
গত ২২ এপ্রিল রাতে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তবে পুনরায় চালু হওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি মোট ৫২৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার হলেও এটি মূলত স্থানীয় কয়লা খনির সরবরাহের ওপর নির্ভরশীল।
কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে, যা চালু থাকলেও পূর্ণ সক্ষমতার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন করত।
কর্তৃপক্ষ আশা করছে, প্রথম ইউনিট সচল থাকায় সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এসআর