[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে নাসিরনগরে জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ৫:৫৪ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিদ্যুৎ সরবরাহের এই অস্থিরতা দিন দিন বাড়তে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প সময় বিদ্যুৎ থাকার পরই দীর্ঘ সময়ের জন্য তা বন্ধ হয়ে যাচ্ছে।

দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে ১০-১২ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। রাতেও একই চিত্র—গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বাড়ছে ভোগান্তি।


এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বয়স্ক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। চলমান এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।

অন্যদিকে, বিদ্যুৎনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়েছে।


বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মোবাইল নেটওয়ার্ক সেবাতেও। বিভিন্ন এলাকায় দুর্বল নেটওয়ার্কের কারণে যোগাযোগে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন গ্রাহকরা।


এদিকে তীব্র গরমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে তা আরও বেশি অনুভূত হচ্ছে, ফলে মানুষের কষ্ট বেড়ে গেছে।


উপজেলার বিভিন্ন এলাকায় একই ধরনের সংকট বিরাজ করছে। কোথাও কোথাও চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ মিলছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে একযোগে একাধিক এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।


এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দীর্ঘমেয়াদি জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

এসআর

সম্পর্কিত খবর