দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম (মঞ্জু)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী খেলায় অংশ নেওয়া দলগুলোর পারফরম্যান্সে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
এসআর