অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টার দায়িত্ব সফলভাবে পালন শেষে আবারও শিক্ষকতা পেশায় ফিরেছেন ড. আ ফ ম খালিদ হোসেন। বর্তমানে তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার আল-জামিয়াতুল আরাবিয়াতুল
ইসলামিয়া (জিরি মাদ্রাসা) প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান করছেন। গত ২৩ এপ্রিল, বৃহস্পতিবার তিনি মাদ্রাসাটিতে ‘তিরমিজি শরীফ’ ও ‘তাহেরিকে দারুল উলুম দেওবন্দ’ বিষয়ে দুটি ক্লাস নেন।
২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানে মুহাদ্দিস হিসেবে কর্মরত থাকলেও সরকারি দায়িত্বের কারণে মাঝপথে তিনি সময় দিতে পারেননি। প্রিয় শিক্ষককে ফিরে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
উপদেষ্টা থাকাকালীন হজ ব্যবস্থাপনায় সিন্ডিকেট নির্মূল এবং হাজিদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার মতো সাহসী উদ্যোগ নিয়ে তিনি ব্যাপক প্রশংসিত হন। তবে ড. খালিদ হোসেনের মতে, শিক্ষকতাই তার মূল পরিচয়। জীবনের এই পর্যায়ে এসে শিক্ষার্থীদের মাঝে সময় কাটাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। জিরি মাদ্রাসার পড়াশোনার পরিবেশ ও শিক্ষকদের পারস্পরিক আন্তরিকতার প্রশংসা করে তিনি জানান, বাকি জীবন শিক্ষার প্রসারে ব্যয় করতে চান।
ড. আ ফ ম খালিদ হোসেন একাধারে একজন প্রখ্যাত লেখক, গবেষক এবং বহু গ্রন্থের প্রণেতা। ছাত্রজীবনে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং খতিবের দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি শিক্ষকতার মাধ্যমেই জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। ২০২৪ সালের আগস্টে দেশের সংকটময় মুহূর্তে ধর্ম মন্ত্রণালয়ের হাল ধরা এই মধ্যপন্থী আলেম ও শিক্ষকের কর্মক্ষেত্রে প্রত্যাবর্তন শিক্ষাঙ্গনে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
এসআর