জ্বালানি তেলের সংকটের কারণে সাতক্ষীরার শ্যামনগরে ভাড়ায় মোটরসাইকেল চালকদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
এমন পরিস্থিতিতে ছেলের আয় ধরে রাখতে তেলের লাইনে দাঁড়িয়েছেন এক মা—বিথিকা রানী বৈদ্য (৪৮)।
উপজেলার মুন্সিগঞ্জ এলাকার ডেলমা ফিলিং স্টেশনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রখর রোদে মোটরসাইকেল নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় তাকে।
তার ছেলে সাগর বৈদ্য পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক। তেলের অভাবে নিয়মিত গাড়ি চালাতে না পেরে বর্তমানে কৃষিকাজে যুক্ত হয়েছেন তিনি।
জানা গেছে, জ্বালানি সংকটের কারণে নির্দিষ্ট সময় পরপর তেল সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ দিন পরপর তেল দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট দিনে ইউনিয়নভিত্তিক তেল বিতরণ কার্যক্রম চালু থাকায় ওইদিন স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের তথ্যমতে, এ এলাকায় দুই হাজারের বেশি মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন। তেলের অভাবে অনেক চালক বিকল্প পেশায় চলে যাচ্ছেন, আবার কেউ কেউ বেকার হয়ে পড়েছেন।
বিথিকা রানী বৈদ্য জানান, তার ছেলে মোটরসাইকেল চালানোর পাশাপাশি কৃষিকাজ করেই সংসার চালান। নির্ধারিত সময়ে তেল না পাওয়ায় তিনি কৃষিকাজে ব্যস্ত থাকায় ছেলের হয়ে নিজেই তেল নিতে এসেছেন।
স্থানীয় ইউপি সদস্য দেবাশিষ গায়েন বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সবার সঙ্গে সমন্বয় করে ইউনিয়নভিত্তিক তেল সরবরাহ করা হচ্ছে।
ছবি: শ্যামনগরের ডেলমা ফিলিং স্টেশনে তেলের লাইনে অপেক্ষমাণ বিথিকা রানী বৈদ্য।
এসআর