[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

রাজশাহীতে বিদ্যুৎ সংকট চরমে, ভোগান্তিতে নগরবাসী

আবু কাওছার মাখন, রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৯:১৭ পিএম

সংগৃহীত ছবি

প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে রাজশাহীর স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দিনে অল্প সময়ের জন্য বিদ্যুৎ এলেও পরপর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।


স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। ফ্যান চালানো, পানির সরবরাহ ঠিক রাখা, এমনকি মোবাইল চার্জ দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে। তীব্র গরমে শিশু ও বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি চোখে পড়ছে।

রাতে অনেক পরিবারকে ছোট শিশুদের নিয়ে রাস্তায় বের হয়ে গরম থেকে স্বস্তি খোঁজার চেষ্টা করতে দেখা যাচ্ছে।


বাবু নামের এক বাসিন্দা জানান, সারাদিন কাজ শেষে বাসায় ফিরেও স্বস্তি মিলছে না। বিদ্যুৎ না থাকায় খাওয়া-দাওয়া ও বিশ্রাম ব্যাহত হচ্ছে। গরমে শিশুদের কষ্ট সহ্য করা কঠিন হয়ে পড়েছে, আর রাতে ঘুমের অভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তিনি।


এদিকে, এসএসসি পরীক্ষার্থীরাও পড়াশোনায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। দিনের গরমে পড়তে না পারলেও রাতে বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ায় প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে।


বেসরকারি খাতের উদ্যোক্তারা জানান, বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে গ্রাহক সেবাও ঠিকভাবে দেওয়া যাচ্ছে না। অনেকেই বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করতে চাইলেও জ্বালানি সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।


অন্যদিকে, পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক সময় লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না, ফলে জেনারেটর চালানো আরও কঠিন হয়ে পড়ছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক জীবনযাত্রায় আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এসআর

সম্পর্কিত খবর