[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

বারহাট্টায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বারহাট্রা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৯:০৫ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় তৃণমূল পর্যায় থেকে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরিকল্পনার আলোকে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন ও প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামান। আলোচনায় জানানো হয়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইন ও অন-স্পট রেজিস্ট্রেশন চলবে। এরপর ২৯ এপ্রিল দল গঠন এবং ২ মে ২০২৬ তারিখে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচির আওতায় ক্রিকেট, ফুটবল ও কাবাডি অন্তর্ভুক্ত থাকবে।


বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে উপজেলার লুকিয়ে থাকা ও প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রজন্ম গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।


সভায় আরও বলা হয়, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, বারহাট্টা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।


উল্লেখ্য, আগামী ২ মে ২০২৬ তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে এবং একই সঙ্গে সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে।

এসআর

সম্পর্কিত খবর