[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

হাওড়ে কৃষকদের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী উদ্যোগ, টিউবওয়েল স্থাপনশুরু

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১২:৩৮ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিস্তীর্ণ হাওড় এলাকায় বোরো ধান কাটার মৌসুমে কৃষকদের ব্যস্ততা এখন তুঙ্গে।

তবে তীব্র গরমে দীর্ঘ সময় খোলা মাঠে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় সংকটে পড়তে হচ্ছে নিরাপদ পানির অভাবে।

অনেক কৃষককে দূর-দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে, আবার অনেকে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পানি পান করছেন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাওড়াঞ্চলে বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন।

এর অংশ হিসেবে বুধবার (২৩ এপ্রিল) থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাওড় এলাকায় টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে।


জানা গেছে, প্রথম ধাপে সোনাডুবি হাওড়ের পূর্ব ও পশ্চিম অংশে দুটি এবং নাগডরা হাওড়ের পূর্ব ও পশ্চিম পাশে আরও দুটি টিউবওয়েল বসানো হচ্ছে।

পাশাপাশি মুক্তাখলা হাওড়, হাইডুলি কান্দা ও রাজাপুর গ্রামের কাটাগুপাট এলাকাসহ কয়েকটি স্থানে পর্যায়ক্রমে নতুন নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে।


স্থানীয় কৃষকদের মতে, হাওড় অঞ্চলে কৃষিই প্রধান জীবিকা হওয়ায় বছরের অধিকাংশ সময় মাঠে কাজ করতে হয়।

বিশেষ করে ধান কাটার মৌসুমে প্রতিদিন হাজারো কৃষক হাওড়ে অবস্থান করেন।

কিন্তু এতদিন সেখানে নিরাপদ পানির কোনো স্থায়ী উৎস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের কষ্ট অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।


এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাওড়ের কৃষকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মৌলিক প্রয়োজন পূরণে উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশুদ্ধ পানির সংকট দূর করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে।


তিনি আরও জানান, ভবিষ্যতেও হাওড়াঞ্চলের কৃষকদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর