[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

গুপ্ত’ লেখা ঘিরে সিটি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৮:১৬ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের পায়ের গোড়ালি ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গুরুতর আহত সিটি কলেজের অনার্সের শিক্ষার্থী মো. আশরাফসহ কয়েকজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের একটি ভবনে আঁকা গ্রাফিতির নিচে লেখা ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ বাক্যটি পরিবর্তনকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ রয়েছে, ছাত্রদলের একদল নেতাকর্মী সেখানে গিয়ে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে ‘গুপ্ত’ লিখে দেন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর জের ধরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে পরে তা সংঘর্ষে রূপ নেয়।


সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্লোগান দিতে দেখা যায়।

প্রায় এক ঘণ্টাব্যাপী উত্তেজনার পর পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে বিকাল চারটার দিকে আবারও উভয়পক্ষের নেতাকর্মীরা জড়ো হলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কলেজের বাইরে নিউমার্কেট এলাকায় মিছিল বের করা হয়।


ঘটনাস্থলে উপস্থিতদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


সংঘর্ষের ঘটনায় কলেজের ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্স পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিবিরের কর্মীরা প্রথমে হামলা চালায়। অন্যদিকে ছাত্রশিবির দাবি করেছে, তাদের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে।


কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, শিক্ষকদের সহযোগিতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় এবং পরে পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এসআর

সম্পর্কিত খবর