[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

দুই দশকেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলার দাবি , ক্ষোভ বাড়ছে স্থানীয়দের

গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৬:১০ পিএম

সংগৃহীত ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭ নম্বর পবনাপুর ইউনিয়নের ফকিরহাট এলাকাকে উপজেলা ও থানা হিসেবে ঘোষণার দাবি দীর্ঘদিনের।

প্রায় দুই দশক ধরে এ দাবি জানিয়ে এলেও এখনো বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয়দের অভিযোগ, ২০০০ সালের পর থেকে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এ দাবি তুলে ধরা হয়েছে।

বিষয়টি নিয়ে সংসদ সদস্য, রংপুর বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং গাইবান্ধার জেলা প্রশাসকের কাছেও একাধিকবার আবেদন জানানো হয়।

এমনকি এ বিষয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি বলে দাবি তাদের।


এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, পলাশবাড়ী উপজেলা সদর থেকে ফকিরহাটের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।

এছাড়া গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ থেকেও দূরত্ব তুলনামূলক বেশি হওয়ায় প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সরকারি বিভিন্ন কাজে দূরপাল্লার যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ ব্যয় বাড়ছে বলে জানান তারা।


এদিকে এলাকায় প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা থাকলেও উপজেলা না থাকায় সেবাগ্রহণে জটিলতা থেকেই যাচ্ছে।


ফকিরহাট উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও সমাজসেবক মো. আবু তাহের খন্দকার বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।

তিনি মনে করেন, ফকিরহাটকে উপজেলা ঘোষণা করা হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে এবং প্রশাসনিক সেবা সহজ হবে।


স্থানীয় সচেতন মহলও দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি দ্রুত বাস্তবায়ন হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।


উল্লেখ্য, অতীতে গাইবান্ধার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় প্রত্যাশা-প্রাপ্তির ব্যবধান দিন দিন বাড়ছে।

 

এসআর

সম্পর্কিত খবর