রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি কাটিয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল
৯টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান।
গত ১৯ এপ্রিল (রবিবার) রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এর পরদিন সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক মব জাস্টিস বা গণপিটুনির মতো পরিস্থিতির সম্মুখীন হন। এই ঘটনার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে 'ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেক' গত মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সমঝোতা শেষে ইন্টার্ন চিকিৎসকরা কর্মস্থলে ফিরেছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস নিশ্চিত করেছেন যে, ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফেরায় হাসপাতালের চিকিৎসা সেবা আবারও পুরোদমে সচল হতে শুরু করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসের বাস্তবায়ন দেখে তারা রোগীদের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এসআর