[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

নেত্রকোনা থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ২:৫৪ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোনার মানসুরা আক্তার।

সোমবার (২০ এপ্রিল) দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত ৩৬ সদস্যের তালিকায় তার নাম ২৬ নম্বরে রয়েছে।

মানসুরা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাসিন্দা।

তিনি মোহাম্মদ শাহজাহানের কন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।


রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেত্রী অতীত সময়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়।

বিশেষ করে ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি কর্মসূচিতে হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়।

এছাড়াও ২০২৩ সালের এপ্রিল মাসে রাজধানীতে আরেকটি হামলার শিকার হন তিনি।


বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জের মধ্যেও মানসুরা আক্তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। স্থানীয় পর্যায়ে তিনি নিজ এলাকার মানুষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছেন বলে জানা গেছে।


তার মনোনয়নের খবরে নেত্রকোনা ও পূর্বধলা এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই এটিকে এলাকার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।


দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও জোরদার করার লক্ষ্যেই এ ধরনের মনোনয়ন প্রদান করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর