যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এলাকায় বিভিন্ন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে হঠাৎ পরিদর্শন চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে জোহরা মেডিকেল সেন্টার এবং বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
একই অপরাধে আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
পরিদর্শনে স্বাস্থ্যবিধি উপেক্ষা ও নানা অনিয়মের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুবেন্দু বিশ্বাস এবং শার্শা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এসআর