[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

কচুয়ায় বিদ্যুৎ ঘাটতি বাড়ছে, লোডশেডিংয়ে নাকাল জনজীবন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ৩:১৬ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে, ফলে ঘনঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চাহিদার  তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।
উপজেলায় প্রায় ১ লাখ ২২ হাজার বিদ্যুৎ গ্রাহক থাকলেও তিনটি উপকেন্দ্রেই সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। কচুয়া সদর উপকেন্দ্রে ১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ৭.৮ মেগাওয়াট।

রহিমানগর উপকেন্দ্রে ১১ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে ৪ মেগাওয়াট এবং পালাখাল উপকেন্দ্রে ১০ মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ৪ মেগাওয়াট বিদ্যুৎ।


প্রচণ্ড গরমের মধ্যে এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় বড় ধরনের সমস্যার মুখে পড়ছে। অনেক শিক্ষার্থীকে রাতের বেলায় বিকল্প আলোতে পড়াশোনা চালাতে হচ্ছে।


বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে অফিস-আদালত ও শিল্পখাতেও। অনেক ক্ষেত্রে কাজের গতি কমে গেছে, উৎপাদন ব্যাহত হচ্ছে কল-কারখানায়। একই সঙ্গে কৃষকরাও উদ্বিগ্ন, কারণ সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


কচুয়া জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, জ্বালানি তেলের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।


এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এসআর

সম্পর্কিত খবর