অ্যামোনিয়ার ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটিতে শনিবার (১৮ এপ্রিল) রাতে মজুদ অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
কারখানার প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তা আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জ্বালানি সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই দুই প্রতিষ্ঠান থেকেই ডিএপি কারখানাটি অ্যামোনিয়া সংগ্রহ করে আসছিল।
সূত্র জানায়, গত ৪ মার্চ থেকে ওই দুটি কারখানায় গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ থাকে। ফলে ডিএপি কারখানার কাঁচামাল সরবরাহ পুরোপুরি থেমে যায়। মজুদ অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত তা ফুরিয়ে গেলে কার্যক্রম বন্ধ করতে হয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত এই কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৮০০ মেট্রিক টন করে দুটি ইউনিটে বিভক্ত। ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে রয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, অ্যামোনিয়া সরবরাহ বন্ধ থাকায় গত মাসের শুরু থেকেই সংকট তৈরি হয়। মজুদ দিয়ে কিছুদিন পরিস্থিতি সামাল দেওয়া গেলেও বর্তমানে উৎপাদন চালু রাখা সম্ভব হচ্ছে না। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে কারখানাটি পুনরায় চালু করা যাবে না।
এসআর