চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীর সিআরবি এলাকায় গাছ কেটে নতুন করে কোনো হাসপাতাল বা স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ চট্টগ্রামবাসীও মেনে নেবে না।
রোববার (১৯ এপ্রিল) সকালে জামালখান লিচুতলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র জানান, এ বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। সিআরবিতে বিদ্যমান পুরোনো রেলওয়ে হাসপাতালটির অবকাঠামো উন্নয়ন বা প্রয়োজনে পুনর্নির্মাণের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। তার মতে, বর্তমান হাসপাতালটি তেমন কার্যকর নয়, তাই সেটিকে আধুনিকায়ন সময়ের দাবি।
তিনি আরও বলেন, ওই এলাকায় ডেন্টাল কলেজ এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব রয়েছে। তবে তা নতুন করে জায়গা দখল করে নয়, বিদ্যমান অবকাঠামোর মধ্যেই বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে।
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সিআরবি পাহাড়ঘেরা একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে শতবর্ষী বিভিন্ন গাছপালা রয়েছে। টাইগার পাস, কদমতলী ও জিএম বাংলোর সংযোগস্থল হিসেবে পরিচিত এই এলাকায় প্রতিবছর বর্ষবরণসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সিআরবির রেলওয়ে হাসপাতাল সংলগ্ন প্রায় ছয় একর জমিতে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আগে থেকেই রয়েছে। ২০১৩ সালে প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে বিভিন্ন ধাপে অনুমোদনও দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ে ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
তবে নতুন করে স্থাপনা নির্মাণের পরিবর্তে বিদ্যমান কাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন সিটি মেয়র।
এসআর