দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া।
আগামীকাল সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এই সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী ওইদিন সকাল ১১টার দিকে তিনি উদ্বোধনী ঘোষণা দেবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেনের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়া নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় পৌরসভার সীমানা সম্প্রসারণ করে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়।
তখন এর আয়তন দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১টি করা হয়। সেই সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
তবে বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন এ উদ্যোগ বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ও স্থানীয়দের পক্ষ থেকে এ দাবি বারবার তোলা হলেও তা কার্যকর হয়নি।
পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বিষয়টি নতুন করে সামনে আনেন। তাঁর প্রস্তাবের ভিত্তিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয় এবং গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয়দের মতামত সংগ্রহ ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।
গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পরিদর্শনে এসে দ্রুত সিটি করপোরেশন ঘোষণার আশ্বাস দিলেও তা নির্ধারিত সময়ে বাস্তবায়ন হয়নি।
সবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন।
এসআর