[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জে ফুটবল ম্যাচ ঘিরে দুদিনের সংঘর্ষ, ওসিসহ আহত ৪০

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ৯:৫৯ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দুই দিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন মিলিয়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া পৌরসভার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে দুই গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং রাত পর্যন্ত উত্তেজনা অব্যাহত থাকে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে যায়।


এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানসহ চারজন পুলিশ সদস্য আহত হন। 


খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।


পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটক করা হয়নি।

তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর