[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১ বৈশাখ ১৪৩৩

কটিয়াদীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১২:৫৯ এএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

দিনব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বৈশাখী র‍্যালি ও লোকজ মেলা। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।


দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বৈশাখী র‍্যালির উদ্বোধন ঘোষণা করেন।


পরে রঙিন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাঙালির ঐতিহ্য তুলে ধরতে র‍্যালিতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি ও লাঠিখেলার প্রদর্শনী বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।


র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলী এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো প্রমুখ উপস্থিত ছিলেন। 


আয়োজকরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে। নতুন বছরকে ঘিরে এ উৎসব বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে সবার সামনে তুলে ধরেন।

এসআর

সম্পর্কিত খবর