বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।
দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেয় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার ও ফেস্টুনে সাজানো এ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক, যা সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে।
তিনি আরও বলেন, নতুন বছরকে সামনে রেখে সবাইকে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষ নতুন বছরকে উচ্ছ্বাসের সঙ্গে বরণ করে নেয়।
এসআর