[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১২:৫৩ এএম

সংগৃহীত ছবি

গণভোটের রায় কার্যকর করার দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা “গণভোটের রায় মানতে হবে”, “বিচার বিভাগের স্বাধীনতা চাই”, “জুলাই সনদ বাস্তবায়ন করো”সহ নানা স্লোগান দেন।


সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


নেতারা অভিযোগ করেন, গণভোটে পাওয়া জনমতের প্রতিফলন ঘটাতে দেরি করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তারা বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে শুধু আংশিক সংশোধন নয়, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।

এ লক্ষ্যেই সংস্কার পরিষদের কার্যক্রম চালুর দাবি জানান তারা।
তাদের বক্তব্যে আরও উল্লেখ করা হয়, পূর্বঘোষিত প্রক্রিয়ার আলোকে জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জনগণ মত দিয়েছে।

কিন্তু সেই প্রক্রিয়া বাস্তবায়নে জটিলতা তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।


বক্তারা বলেন, বিরোধী দলগুলো একাধিকবার সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। বরং সংসদীয় কমিটির মাধ্যমে সীমিত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষা পূরণে যথেষ্ট নয় বলে তারা মনে করেন।


সমাবেশে দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রসমাজের অবদানের কথাও তুলে ধরা হয়। বক্তারা ১৯৫২ থেকে ১৯৯০ পর্যন্ত বিভিন্ন আন্দোলনে ছাত্রদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রয়োজনে আবারও জনগণ রাজপথে নামবে।


তারা সরকারকে সতর্ক করে বলেন, জনমত উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। পাশাপাশি দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।


এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জাগপা সভাপতি মিজবাহ উদ্দিন, খেলাফত মজলিসের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।

এসআর

সম্পর্কিত খবর