রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক স্থানীয় বাসিন্দাকে শারীরিক হামলা ও মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার
রাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. শাকিল আহমেদ আলী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ জানান, দীর্ঘ ১৭ বছর ধরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন ও মোস্তাকিমের সঙ্গে তার বিরোধ চলছে। গত শুক্রবার স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একটি মাদকবিরোধী সভায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদক ব্যবসা ছাড়ার আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সাধারণ মানুষের ওপর চড়াও হয়।
শাকিল আহমেদের দাবি, গত সোমবার তার ছোট ভাই তুষারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় ওই চক্রটি। তবে স্থানীয়দের বাধায় তারা পালিয়ে যায়। পরবর্তীতে নিজেদের অপরাধ আড়াল করতে ওই চক্রটি পাল্টা সংবাদ সম্মেলন করে শাকিল আহমেদকে 'মাদক ব্যবসায়ী' হিসেবে আখ্যা দিয়ে মিথ্যা অপবাদ ছড়ায়।
শাকিল আহমেদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আমি মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে থানায় অবশ্যই মামলা থাকতো। আমার বিরুদ্ধে এমন কোনো রেকর্ড নেই।" এছাড়া তার বিরুদ্ধে তোলা রাজনৈতিক পরিচয় ব্যবহারের দাবিকেও তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তিরাই গত ৫ আগস্ট খরবোনা লেক থেকে মালামাল লুটপাটের সাথে জড়িত এবং তারা একটি হত্যা মামলারও আসামি। শাকিল আহমেদ ও স্থানীয়রা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এসআর