লালমনিরহাটের আদিতমারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় আন্তঃজেলা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম (১৯) গত বছরের ১৬ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, অজ্ঞাত প্রতারকরা ফোনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে ওটিপি (OTP) কোড সংগ্রহ করে তার bKash ও Nagad অ্যাকাউন্ট থেকে মোট ৮৪ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়। পরে অ্যাকাউন্ট ব্লক করে আরও ২৩ হাজার টাকা দাবি করে তারা।
ঘটনার পর আদিতমারী থানায় ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার লালমনিরহাট ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৬ এপ্রিল সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর এলাকা থেকে প্রথমে রুবেল বিশ্বাস (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ইউসুফ মোল্লা (৫০) ও টিটু মোল্লা (৩০) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি সংগঠিত প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল।
অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একাধিক সিমকার্ডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ডিবির ওসি সাদ আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর