চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক ও তীব্র শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় ফসলের, বিশেষ করে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার ওপর দিয়ে এই প্রাকৃতিক দুর্যোগ বয়ে যায়। প্রায় এক ঘণ্টা
স্থায়ী এই শিলাবৃষ্টিতে বড় আকৃতির শিলা পড়তে দেখা গেছে, যার কোনো কোনোটির ওজন ছিল প্রায় ১০০ গ্রাম।
বর্তমানে আম গাছে গুঁটি আসার মৌসুম চলায় এই শিলাবৃষ্টি চাষিদের জন্য বড় বিপর্যয় নিয়ে এসেছে। স্থানীয় আম চাষিরা জানিয়েছেন, বড় আকারের শিলার আঘাতে গাছের কচি আমের গুঁটি ঝরে গেছে, ভেঙে গেছে অসংখ্য ডালপালা। এছাড়া গাছের ছাল ও পাতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাগান মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। আম ছাড়াও ধানের জমিতেও ক্ষতির খবর পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, প্রায় ৯ মিনিট ধরে বড় বড় আকারের শিলা পড়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও ক্ষতির মাত্রা যে অনেক বেশি, তা স্পষ্ট।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী জানিয়েছেন, ভোলাহাট বাদে জেলার বাকি চারটি উপজেলাতেই কমবেশি বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তিনি জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। জরিপ শেষ হলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে। আপাতত ক্ষতিগ্রস্ত চাষিরা কৃষি বিভাগের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।
এসআর