[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

টি-টোয়েন্টিতে নতুন চেহারায় পাকিস্তান, দলে নেই বাবর-শাহিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৫ ৮:২৪ এএম

পাকিস্তান ক্রিকেট দলে শুরু হয়েছে বড় রকমের রদবদল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি দেশটির তিন অভিজ্ঞ ক্রিকেটার—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তিনজনই এক সময় জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, তবে এবার তাদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে তরুণদের জন্য।

নতুন কোচ মাইক হেসন এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক সালমন আলি আঘার সঙ্গে আলোচনা করে নির্বাচক কমিটি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচকদের মতে, সাম্প্রতিক ব্যর্থতা এবং মন্থর স্ট্রাইক রেটের কারণে অনেক ম্যাচে দলকে ভুগতে হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে পরাজয়ের পর রিজওয়ান ও বাবরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে। সেই সিরিজে অধিনায়ক ছিলেন রিজওয়ান এবং দলে ছিলেন বাবরও। এরপর নিউজিল্যান্ড সিরিজেও তারা জায়গা পাননি। এবার বাংলাদেশের বিরুদ্ধেও বিবেচনায় আসেননি তারা।

নির্বাচক কমিটির একজন সদস্য বলেন, "বাবর ও রিজওয়ানের স্ট্রাইক রেট ও ধীরগতির ব্যাটিংয়ের কারণে আমাদের বেশ কিছু ম্যাচ হাতছাড়া হয়েছে।"

অবশ্য কোচ মাইক হেসন চেয়েছিলেন বাবর ও রিজওয়ানকে অন্তর্ভুক্ত করতে। তবে নির্বাচক কমিটির সদস্য ও সাবেক তারকা আকিব জাভেদ তাতে দ্বিমত পোষণ করেন। তিনি দলকে তরুণদের হাতে তুলে দিতে বলেন। প্রধান নির্বাচক সরফরাজ আহমেদও এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন।

তালিকা থেকে বাদ পড়েছেন পেসার শাহিন আফ্রিদিও। নিউজিল্যান্ড সিরিজে চার ম্যাচ খেলে মাত্র ২ উইকেট নেওয়া ও ১০.২৩ ইকোনমি রেট—এই ব্যর্থ পারফরম্যান্স তার জায়গা হারানোর প্রধান কারণ।

সবকিছু মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ভবিষ্যৎ পরিকল্পনায় এগোচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। এই টার্গেট সামনে রেখেই দল গড়ার কাজে মনোযোগী নির্বাচকরা নতুন মুখদের অগ্রাধিকার দিচ্ছেন।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ, এবং বছরজুড়ে আফগানিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে আরও টি-টোয়েন্টি সিরিজ অপেক্ষা করছে।

তবে নির্বাচকরা জানিয়েছেন, “কোনো ক্রিকেটারের জন্য দরজা চিরতরে বন্ধ হয়নি। ফর্মে ফিরলে তারা আবার জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন।”

 

এসআর

সম্পর্কিত খবর