[email protected] বৃহঃস্পতিবার, ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩

সাফের প্রস্তুতিতে থাইল্যান্ডে বাংলাদেশের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৬ ৭:৫৯ পিএম

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের প্রথম ক্লোজড-ডোর প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। প্রস্তুতি ম্যাচে স্বাগতিক কাসেম বান্দিত উইমেন্স এফসিকে ২–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ।

ম্যাচজুড়ে সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ নারী দল। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ১৫তম মিনিটে আনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ তৈরি করলেও ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি।

বিরতির পরও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে দল। ম্যাচের ৭৭তম মিনিটে উমেহলা দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২–০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।

ম্যাচ শেষে কোচ পিটার বাটলার খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে, এই ম্যাচটি সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কৌশলগত প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলীয় সমন্বয়, আক্রমণভাগের কার্যকারিতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের দিকগুলোতেও সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচিং স্টাফরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতির চূড়ান্ত ধাপের অংশ হিসেবে আগামী ১৭ মে ২০২৬ আরও একটি ক্লোজড-ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

এদিকে টানা অনুশীলন ও ম্যাচের পর খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ দিতে আগামীকাল মাঠের অনুশীলন রাখা হয়নি। পরিবর্তে সকালে দলীয় হোটেলে স্ট্রেচিং ও পুল রিকভারি সেশনে অংশ নেবেন ফুটবলাররা।

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে থাইল্যান্ডে চলমান এই প্রস্তুতি ক্যাম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ম্যাচ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং দলীয় বোঝাপড়া আরও উন্নত করাই এই সফরের মূল লক্ষ্য।

 

এসআর

সম্পর্কিত খবর