[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

কুল বিএসজেএ মিডিয়া কাপ

গোল উৎসব ও টাইব্রেকারের নাটক, মিডিয়া কাপের উদ্বোধনী দিনেই উত্তেজনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ১০:১১ পিএম

প্রতি বছরের ধারাবাহিকতায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে ৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে রোববার জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে হেড অব মিডিয়া এন্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সাংবাদিকরা যেমন মাঠের বাইরে থেকে ক্রীড়াকে এগিয়ে নিয়ে যান, তেমনি খেলোয়াড়রা মাঠে লড়াই করে সেই গল্প তৈরি করেন। তিনি বলেন, সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনায় সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছেন।

তিনি আরও বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, সেখানে সাংবাদিকরা সহযোদ্ধা হিসেবে ভূমিকা রাখবেন। তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান।

প্রথম দিনের খেলার ফলাফল: উদ্বোধনী দিনে ছিল গোল, নাটকীয়তা এবং টাইব্রেকারের রোমাঞ্চ। প্রথম দিনে জয় পেয়েছে আটটি দল—বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি, বাংলাভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিকফ্রেঞ্জি এবং এনটিভি।

প্রথম দিনের খেলা শেষে বিজয়ী আট দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। সোমবার মতিঝিলস্থ বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে প্রথম রাউন্ডের বাকি আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

 ম্যাচ হাইলাইটস : 

  • এখন টিভি ৫-০ গোলে হারিয়েছে এটিএন নিউজকে। জোড়া গোলসহ এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হন রাকিব আহমেদ।
  • দীপ্ত টিভি ১-০ গোলে হারায় দৈনিক সমকালকে। জয়সূচক গোল করেন ইমাম হোসেন রাহাত।
  • বাংলাভিশন ৩-০ গোলে ডেইলি অবজারভারকে পরাজিত করে। জোড়া গোল করে ম্যাচ সেরা হন ইনামুল হাবিব রুবেল।
  • কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় পায় কালের কণ্ঠ।
  • যুগান্তর ও বৈশাখী টিভির ম্যাচ গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় যুগান্তর। ম্যাচ সেরা হন গোলরক্ষক রিফাত।
  • দ্য ডেইলি স্টার ও নিউজ ২৪ ম্যাচও গোলশূন্য থাকে। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় ডেইলি স্টার। ম্যাচ সেরা হন অর্কিড চাকমা।
  • ক্রিকফ্রেঞ্জি ও নয়া দিগন্ত ম্যাচ গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরা হন লিখন সরকার।
  • এনটিভি শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারায় মাছরাঙা টিভিকে। ম্যাচ সেরা হন ফাহাদ মোহাম্মদ।
 

এসআর

সম্পর্কিত খবর