তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাকে সঠিকভাবে পরিচর্যা করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করতে “নতুন কুঁড়ি স্পোর্টস” একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগকে ঘিরে সরকারের সর্বোচ্চ পর্যায়েও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন থেকে প্রতিটি জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিয়মিতভাবে তদারকি করা হবে। এর মাধ্যমে দেশের ক্রীড়া কাঠামোকে আরও সুসংগঠিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্রীড়াঙ্গনের উন্নয়ন টেকসই করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, ক্রীড়া খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ সময় তিনি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সমর্থনের কথাও উল্লেখ করেন।
ক্রীড়া কূটনীতি বা “স্পোর্টস ডিপ্লোমেসি”র ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং ইতোমধ্যে চালু করা হয়েছে।
ফুটবল উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে নতুন কোচ নিয়োগ দেবে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
এছাড়া কক্সবাজারে ফিফা-এর অর্থায়নে একটি বিশ্বমানের “এক্সিলেন্স সেন্টার” বা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য জমি বরাদ্দের বিষয়ে দাপ্তরিক আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এই উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের ক্রীড়া সাংবাদিকতাকে আরও পেশাদার ও মানসম্মতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এসআর