[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

১ কোটি টাকার স্পন্সর ইপিলিয়নের

জাপানে যুব হকি মিশন, পাশে ইপিলিয়ন ও সেইলর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৯:৫৫ পিএম

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ নারী ও পুরুষ হকি দলের পাশে দাঁড়িয়েছে ইপিলিয়ন গ্রুপ। জাপানে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাওয়া দল দুটির অফিসিয়াল স্পন্সর হয়েছে প্রতিষ্ঠানটি, যারা এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।

রোববার বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)-এর সঙ্গে ইপিলিয়ন গ্রুপ এবং তাদের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বয়সভিত্তিক এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ দলের সার্বিক প্রস্তুতি ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি মাসের ২৯ মে জাপানে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের নারী ও পুরুষ দল মাসের শেষ দিকে জাপানে যাবে। স্পন্সরশিপ থেকে পাওয়া অর্থ খেলোয়াড়দের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ, আবাসন, খাদ্য, টিম কিট, ইউনিফর্ম, খেলার সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট অন্যান্য খাতে ব্যয় করা হবে।

স্পন্সরশিপ চুক্তির অংশ হিসেবে দলের ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাউজার, ট্রাভেল পোলো ও টি-শার্টে সেইলর এবং ইপিলিয়ন গ্রুপের লোগো ব্যবহার করা হবে। পাশাপাশি ব্যানার, ব্যাকড্রপ, প্রচারণা সামগ্রী, প্রেস রিলিজ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও এই অংশীদারিত্বের ব্র্যান্ডিং দৃশ্যমান থাকবে।

সেইলরের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল কবির বলেন, দেশের তরুণ হকি দল আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে—এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে তারা গর্বিত। তার মতে, এই স্পন্সরশিপ কেবল আর্থিক সহায়তা নয়, বরং দেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি একটি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

অন্যদিকে, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, এই চুক্তি বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশন, ইপিলিয়ন গ্রুপ ও সেইলর একসঙ্গে দেশের যুব হকির উন্নয়ন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের এগিয়ে নিতে কাজ করবে।

 

এসআর

সম্পর্কিত খবর