সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। পাকিস্তান সিরিজের আগে বিসিবি তার জন্য দরজা খোলা রাখার কথা জানালেও সেই সিরিজে তার খেলা হয়নি, এমনকি আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দলেও
জায়গা হয়নি এই বিশ্বসেরা অলরাউন্ডারের। ফলে জাতীয় দলে তার ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
তবে সাকিবের ফেরার সম্ভাবনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আজ শনিবার তিনি জানান, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে এবং তার প্রস্তুতি ও ফিটনেস নিয়ে আলোচনা করেছেন।
যেহেতু সাকিব বর্তমানে যেখানে আছেন সেখানে নিয়মিত ক্রিকেট বা অনুশীলনের সুযোগ সীমিত, তাই তার খেলার প্রস্তুতির বিষয়টিই এখন মুখ্য।
হাবিবুল বাশার সাকিবের দলে ফেরার ক্ষেত্রে একটি শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা মেটাতে যথাযথ প্রস্তুতি অত্যন্ত জরুরি। সাকিব যদি পুরোপুরি প্রস্তুত থাকেন এবং লম্বা সময়ের জন্য দেশের হয়ে খেলতে চান, তবে নির্বাচকরা অবশ্যই তাকে বিবেচনায় রাখবেন।
২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা সাকিব রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে বর্তমানে দলের বাইরে আছেন, এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না।
এসআর