হংকংয়ের বিপক্ষে নির্ধারিত সময়েই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ।
তবে শেষ কোয়ার্টারে টানা গোল হজম করায় ম্যাচটি গড়ায় শুটআউটে। নির্ধারিত সময় ৪-৪ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কাঙ্ক্ষিত সাফল্য পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। শুরুতেই শুটআউটে পিছিয়ে পড়ে বাংলাদেশ, প্রথম শট মিস করেন রকি। এতে ৩২ বছর পর আসরে না ওঠার শঙ্কাও তৈরি হয়েছিল। তবে গোলরক্ষক বিপ্লব কুজুর দুর্দান্ত নৈপুণ্যে দুটি শট রুখে দিয়ে দলকে ফেরান ম্যাচে। শেষ পর্যন্ত রাব্বির নির্ভুল শটেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
ম্যাচের শুরুতেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটে রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। পরে হংকং একটি গোল শোধ করে ব্যবধান কমায়। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।
তৃতীয় কোয়ার্টারে হংকং সমতায় ফিরলেও ৪১ মিনিটে আশরাফুলের পেনাল্টি কর্নার গোল বাংলাদেশকে আবার এগিয়ে দেয়। চতুর্থ কোয়ার্টারে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোল বিনিময় করে এবং ম্যাচ শেষ হয় ৪-৪ সমতায়।
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। এই জয়ের ফলে বাছাইপর্বের শীর্ষ ছয় দলের মধ্যে থেকে বাংলাদেশ নিশ্চিত করেছে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার সুযোগ।
এসআর