বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ক্রিকেটাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।
নতুন বোর্ডের সভায় তামিম ইকবালের নেতৃত্বে নেওয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তাইজুল বলেন, দেশের টেস্ট ক্রিকেটের ভিত্তি গড়ে ওঠে জাতীয় লিগের মতো প্রথম শ্রেণির টুর্নামেন্ট থেকে। দীর্ঘদিন ধরে এ প্রতিযোগিতায় পারফর্ম করেই ক্রিকেটাররা ‘এ’ দল ও জাতীয় দলে জায়গা করে নেন। তবে অতীতে এখানে পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা কম থাকায় অনেকেই এটিকে অবহেলিত ভাবতেন। নতুন করে বেতন কাঠামো ও ম্যাচ ফি বাড়ানোর উদ্যোগ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।
সবশেষ ২০২৩ সালে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছিল। এবার নতুন কাঠামোর আওতায় ১০২ জন পুরুষ ও ৩৫ জন নারী ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।
নারী ক্রিকেটারদের পারিশ্রমিক প্রসঙ্গে তামিম জানান, আগে তাদের ম্যাচ ফি খুবই কম ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং দীর্ঘ ফরম্যাটে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের মাসিক বেতন ১০ হাজার টাকা বাড়িয়ে ৪০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও বেতন বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে যথাক্রমে ৬৫ হাজার, ৫০ হাজার এবং ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।
নতুন এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বোর্ড।
এসআর